ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে তিনি জানান, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশ নিতে তিনি আগ্রহী।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি নবগঠিত মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
ইশরাক হোসেন ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে। ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনেও তিনি অংশ নিয়েছিলেন।
তবে সিটি নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
ন্যাশনিক্স/এলকে
