রমজানে আফগানিস্তানের স্কুল ও বাড়িতে পাকিস্তানের বিমান হামলা, নিহত বেড়ে ৮০

অবশ্যই পরুন

রমজান মাসে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে আফগান সূত্র দাবি করেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতভর এ হামলা চালানো হয়।

আফগানিস্তানের স্থানীয় সূত্রের দাবি, পাকতিকা ও নানগরহার প্রদেশে ধর্মীয় স্কুল, বেসামরিক বাড়ি এবং একটি মসজিদ লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতের দিকে প্রথম দফা হামলার পর রাত ২টার দিকে আবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে কয়েকটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

পাকতিকা প্রদেশের এক বাসিন্দা আব্দুল্লাহ জান বলেন, বিমান থেকে বোমা ফেলা হয়েছে এবং সাধারণ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অভিযোগ, টিটিপি সদস্যদের উপস্থিতির কথা বলে হামলা চালানো হয়েছে।

জেলার গভর্নর মিরজা আলি খান সাঈদ জানান, বার্মাল জেলায় একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে; ধুলো ও ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়।

অন্যদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় সাতটি সশস্ত্র গোষ্ঠীর শিবির ও আস্তানায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইসলামাবাদের দাবি, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন জেলায় সংঘটিত হামলার সঙ্গে আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব জড়িত থাকার প্রমাণ তাদের হাতে রয়েছে।

আফগানিস্তানের বর্তমান প্রশাসন এই হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এ ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ