ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সিটি নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। তিনি উল্লেখ করেন, সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হয়েছে। ফলে দলীয় মনোনয়ন ও প্রতীক ছাড়াই প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন।

তিনি আরও দাবি করেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্য বিভ্রান্তিকর। রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাধারণ মানুষের প্রত্যাশার ভিত্তিতেই এই সংস্কার কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন ভালোভাবে পর্যালোচনা করে মন্তব্য করার আহ্বান জানান ইসিকে।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না, তা জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে। ফলে দলীয় প্রতীকের বিধান বহাল থাকবে কি না, সে সিদ্ধান্ত মূলত সংসদের ওপর নির্ভর করবে।

স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দলীয় প্রতীক থাকবে কি না এ বিষয়টি এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ