১,০০৬ ‘হয়রানিমূলক’ মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক এক হাজারের বেশি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, গত ১৭ বছরে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। সরকার এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আনা হবে। ধাপে ধাপে রদবদল কার্যক্রম সম্পন্ন হবে বলেও উল্লেখ করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানো হবে। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশন আহ্বান করতে হয়।

তিনি আরও বলেন, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলোও সংসদে উপস্থাপন করা হবে। এছাড়া রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন বলে জানান তিনি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ