জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে কয়েকজন নেতাকর্মী ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে এ কর্মসূচি পালন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পতাকা উত্তোলনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির সাজু, সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহসহ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রায় দেড় বছর পর দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেলেও কর্মসূচি শেষে তারা দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনাকে ঘিরে বগারচর ইউনিয়নে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং দলীয় নেতাকর্মীদের তৎপরতাও বন্ধ ছিল।
ন্যাশনিক্স/এএএইচপি
