মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক সদস্য গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতের প্রথম প্রহরে ফুলবাড়িয়া উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যান। এ সময় সেখানে পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাধাকে কেন্দ্র করে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বাপ্পিকে আটক করে পুলিশ নিয়ে যায়।
এদিকে ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করতে গেলে পুলিশ বাধা দেয় এবং উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশ বা সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
