শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে তোপের মুখে শফিকুর রহমান, ভুয়া ভুয়া স্লোগান

অবশ্যই পরুন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। এটি কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রথম শ্রদ্ধা নিবেদন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ২২ মিনিটে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও ন্যাশনাল সিটিজেন্স পার্টি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং ১১ দলীয় জামায়াত জোটের শীর্ষ নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে শুরু করলে একদল যুবক তাকে লক্ষ্য করে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’–বিষয়ক বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতির মধ্যে জামায়াতের নেতা-কর্মীরাও পাল্টা স্লোগান দেন।

এ সময় জামায়াত কর্মীদের পক্ষ থেকে ‘ভাষা সৈনিক গোলাম আযম’–সংবলিত স্লোগান শোনা গেলে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। হট্টগোলের মধ্যে নাহিদ ইসলাম, আখতার হোসেনসহ জোটের সংসদ সদস্যরা দ্রুত আমিরের গাড়ির দিকে ফিরে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জোরদার করেন। পরে ডা. শফিকুর রহমান ও জোটের নেতারা শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ