বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, প্রস্তাবিত গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। তার দাবি, এই প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ ‘এলিট গোষ্ঠী’ সাধারণ জনগণের ওপর চাপিয়ে দিয়েছে।
তিনি বলেন, শুরুতে বিএনপি গণভোটের বিষয়ে একমত ছিল না। তবে দলটির কাছে প্রতীয়মান হয় যে, গণভোটে রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না কিংবা নির্বাচনই দেওয়া হবে না। এ কারণে অনেকটা বাধ্য হয়েই দলটি ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে।
সম্প্রতি ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকায় এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে মেজর হাফিজ বলেন, সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই সংশোধন করতে পারেন। তার মতে, দেশ এখনো গণভোটের মতো প্রক্রিয়ার জন্য প্রস্তুত নয়।
গণভোটের প্রচার পদ্ধতিতেও বিভ্রান্তি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ন্যাশনিক্স/এলকে
