রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে বিক্রির জন্য পাঠানো টিসিবির একটি পণ্য চালানে তেলের পরিবর্তে পানিভর্তি বোতল পাওয়ার ঘটনা ঘটেছে পঞ্চগড়ের বোদা উপজেলায়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সংলগ্ন এলএসডি গুদামে ট্রাক থেকে পণ্য খালাসের সময় বিষয়টি ধরা পড়ে। ট্রাকটি দিনাজপুরের দশমাইল টিসিবি ডিপো থেকে বোদা উপজেলা এলএসডি গুদামে পণ্য সরবরাহের জন্য আসে।
গুদাম সূত্র জানায়, কার্টন নামানোর সময় ওজন নিয়ে সন্দেহ হলে একটি কার্টন খোলা হয়। সেখানে ২ লিটার ধারণক্ষমতার ৯টি বোতল পাওয়া যায়, যেগুলোতে সয়াবিন তেলের পরিবর্তে পানি ভর্তি ছিল।
এ বিষয়ে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী জানান, সন্দেহের ভিত্তিতে কার্টন খুলে পানিভর্তি বোতল পাওয়ার পরপরই পণ্য খালাস বন্ধ করা হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট চালান গ্রহণ করা হয়নি। ট্রাকটি ফেরত পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।
ন্যাশনিক্স/এলকে
