রমজানে নিত্যপণ্যের দামে আগুন, চাপে সাধারণ ক্রেতা

অবশ্যই পরুন

পবিত্র রমজান শুরু হতেই রাজধানীসহ বিভিন্ন এলাকার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বেড়েছে ঊর্ধ্বগতি। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, ইফতারের গুরুত্বপূর্ণ উপকরণগুলোর বেশিরভাগই বিক্রি হচ্ছে বাড়তি দামে।

দ্যা ন্যাশনিক্স বাজার সরজমিনে পর্যবেক্ষন করে দেখেছে বড় লেবু হালি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৪০ টাকায়। খেজুরের কেজি ২৫০ থেকে শুরু করে মানভেদে ১,৪০০ টাকা পর্যন্ত। শসা প্রতি কেজি ৮০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা এবং বেগুন ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রমজানে চাহিদা বেশি থাকায় এসব পণ্যের দাম তুলনামূলকভাবে দ্রুত বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ওপর।

মাছ ও মাংসের বাজারেও একই চিত্র দেখা গেছে। সোনালি মুরগি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকা, ব্রয়লার ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১,২০০ থেকে ১,৩০০ টাকা কেজি পর্যন্ত উঠেছে। চাষের বিভিন্ন প্রজাতির মাছের দামও কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে ডিমের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

ক্রেতারা দ্যা ন্যাশনিক্সকে জানান, দুই সপ্তাহ আগের তুলনায় অনেক পণ্যের দাম ৩০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। আগে যেখানে এক হাজার টাকায় সপ্তাহের বাজার করা যেত, এখন সেই টাকা দুই-তিন দিনেই শেষ হয়ে যাচ্ছে। রমজানে পরিবারের খরচ বাড়লেও আয় না বাড়ায় সংসার সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তারা।

অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, রমজানকে কেন্দ্র করে চাহিদা বেড়েছে, কিন্তু সরবরাহ স্বাভাবিক না থাকায় দাম বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, নিয়মিত তদারকি এবং কার্যকর সরবরাহ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ