টেকনাফে নাফ নদী থেকে পাঁচ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

অবশ্যই পরুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে পাঁচ জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ট্রলার মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেন্টমার্টিনের কাছাকাছি এলাকায় মাছ ধরার পর ট্রলারটি নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীতে নোঙর করে ছিল। এ সময় একটি স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ জেলেদের তুলে নিয়ে যায়।

অপহৃতরা হলেন—শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার শাহ আলম (২০), আবুল হোসেন, মো. আব্বাস (৪০), আব্দুল সাহেদ (১৮) ও মো. ইউনুস (৪০)। তারা সবাই টেকনাফের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী জেলে আতাউর রহমান জানান, সেদিন রাতে পাঁচটি নৌকা একসঙ্গে মাছ শিকার শেষে ফিরছিল। হঠাৎ স্পিডবোটের শব্দ শোনা যায়। পরে দেখা যায়, আরাকান আর্মির সদস্যরা একটি নৌকা ঘিরে পাঁচ জেলেকে জোরপূর্বক তুলে নিয়ে মিয়ানমারের দিকে চলে যায়। অন্য নৌকাগুলো দ্রুত সরে এসে নিরাপদে ফিরে আসে।

স্থানীয়দের দাবি, মাছ ধরার সময় জেলেদের প্রায়ই মিয়ানমারের জলসীমার কাছাকাছি যেতে হয়। ফলে মাঝেমধ্যে এ ধরনের অপহরণের ঘটনা ঘটছে, যা জেলেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম বলেন, জালিয়াপাড়া এলাকার একটি নৌকা ফেরার পথে আটক হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। অপহৃতদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ১৬ ফেব্রুয়ারি বিজিবির প্রচেষ্টায় ৭৩ জন জেলেকে ফেরত আনার একদিন পর আবারও এ অপহরণের ঘটনা ঘটল, যা সীমান্তবর্তী এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ