কুমিল্লা-৫ আসনের বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান আহত হন।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের দিন সন্ধ্যায় কেন্দ্রের ফলাফল ঘোষণার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, কৃষকদল নেতা বেলায়েত হোসেন বিল্লালের নেতৃত্বে কয়েকজন গাজী মনিরুজ্জামানের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর গাজী মনিরুজ্জামানের মেয়ে মানসুরা জান্নাত বাদী হয়ে ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় বেলায়েত হোসেন বিল্লালকে প্রধান আসামি করা হয়েছে।
কিছু বিএনপি কর্মীর অভিযোগ, ওই কেন্দ্রে এবার জামায়াত বিএনপির চেয়ে ৪০ ভোট বেশি পায়, যা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়। তাদের দাবি, সমন্বয়হীনতা ও নির্বাচনী ব্যবস্থাপনায় গাফিলতির কারণে এই ফল হয়েছে।
আহত গাজী মনিরুজ্জামান অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত বেলায়েত হোসেন বিল্লাল অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।
বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন জানান, বিষয়টি শুনেছেন এবং সমাধানের চেষ্টা চলছে। তবে বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, এ বিষয়ে থানায় আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ জানায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ
ন্যাশনিক্স/এলকে
