ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর মঙ্গলবার নতুন সরকার শপথ নিতে পারে বলে জানা গেছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনী স্বাভাবিক নিয়মে ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে কর্মরত সেনাসদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি অংশ নেন।
সেনাপ্রধান জানান, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ সম্মান রেখে সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করে আসছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেনাসদস্যরা ব্যারাকে ফিরে যাবেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ পুলিশ বাহিনী গ্রহণ না করা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।
বক্তব্যে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।” এ সময় তিনি সেনাসদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানান।
নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের প্রশংসা করে সেনাপ্রধান বলেন, সংবেদনশীল পরিস্থিতিতেও তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এতে দেশের মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
ন্যাশনিক্স/এপি
