পদত্যাগ করলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম

অবশ্যই পরুন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর পদত্যাগপত্র জমা দেন।

সকালেই পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক নিয়মিত বৈঠকে তিনি কর্মকর্তাদের কাছে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। ওই বৈঠকে আসন্ন ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত কয়েকজন কর্মকর্তা তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। যদিও সকালে বৈঠকে চূড়ান্ত কিছু ঘোষণা করা হয়নি, পরে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠানো হয়। হঠাৎ এই সিদ্ধান্তে সদর দপ্তরের কর্মকর্তাদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে এবং খবরটি দ্রুত বাহিনীর সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে তিনি তাঁর সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন বলে জানা যায়।

পদত্যাগের বিষয়ে জানতে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন প্রশাসনিক পদে পরিবর্তন আনা হয়। এর ধারাবাহিকতায় একই বছরের ২১ নভেম্বর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা বাহারুল আলমকে চুক্তিভিত্তিকভাবে দুই বছরের জন্য আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়। তাঁর চুক্তির মেয়াদ চলতি বছরের ২১ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি দায়িত্ব ছাড়লেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ