মুন্সীগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৩ বালতি ককটেল উদ্ধার

অবশ্যই পরুন

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় একটি পরিত্যক্ত মুদি দোকান থেকে তিন বালতি ভর্তি তাজা ককটেল ও বেশ কয়েকটি চোরাই ব্যাটারি উদ্ধার করেছে সেনাবাহিনী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ককটেলের সংখ্যা অর্ধশতাধিক হতে পারে।

সেনাবাহিনী সূত্র জানায়, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় কয়েকদিন ধরে ওই এলাকায় টহল জোরদার করা হয়। এর অংশ হিসেবে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢালিকান্দি এলাকায় মানিক শিকদারের বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে পাশের একটি পরিত্যক্ত দোকানের ভেতরে রাখা তিনটি লাল প্লাস্টিকের বালতি সন্দেহজনক মনে হলে সেগুলো তল্লাশি করা হয়। পরে বালতিগুলো থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করা হয়। একই স্থান থেকে মোবাইল টাওয়ারে ব্যবহৃত বেশ কিছু চোরাই ব্যাটারিও জব্দ করা হয়েছে।

১৯ বীর-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া আলামত স্থানীয় থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। নাশকতা প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ