চুয়াডাঙ্গা পৌর এলাকার রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে নগদ টাকাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি শরীফ হাসান (৫৫)। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। তার কাছ থেকে ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
নেজারত শাখার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করার সময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ শরীফ হাসানকে আটক করে। পরে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শরীফ হাসান কেন্দ্রের সামনে ঘোরাফেরা করছিলেন। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে জানানো হয়। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালিয়ে নগদ টাকা উদ্ধার করেন।
এলাকার বাসিন্দা পারভেজ খান দাবি করেন, আটক নেতা ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন শরীফ হাসান। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) সহিদুর রহমান জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে চুয়াডাঙ্গা জেলা ওলামা জামায়াতের সভাপতি শুকুর আলী বলেন, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। উদ্ধার করা টাকা খাবার ও ভ্যানভাড়ার খরচের জন্য রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি।
ন্যাশনিক্স/এএএইচপি
