সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও ১১-দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাতে কয়েকজন ব্যক্তি কেন্দ্রের ভেতরে প্রবেশ করলে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়। কেন্দ্রের বাইরে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা তাদের ঘেরাও করেন। পরে প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং তা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
বিএনপি প্রার্থী আব্দুল মালিক অভিযোগ করেন, প্রিসাইডিং কর্মকর্তার উপস্থিতিতে ব্যালটে সিল মারা হচ্ছিল। তিনি ঘটনাটিকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেন।
অন্যদিকে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু দাবি করেন, এজেন্ট কার্ড গ্রহণের সময় তাদের ঘেরাও করে জালভোটের অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত ঘটনা পরিষ্কার হবে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম জানান, কেন্দ্রের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হচ্ছে এবং মারধরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
