আশুলিয়ায় দুই কেন্দ্র দখলের চেষ্টা, বিএনপির ১৩ কর্মী আটক

অবশ্যই পরুন

ঢাকার আশুলিয়ায় দুইটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। আটক ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন এলাকার বাসিন্দা এবং বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

একই সময়ে ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলাম কেন্দ্রে পৃথক অভিযানে আরও ৪ জনকে আটক করা হয়। তাদেরও একই প্রার্থীর সমর্থক হিসেবে শনাক্ত করা হয়েছে।

আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই সায়মন শেখ জানান, সেনাবাহিনী আটক ১৩ জনকে থানায় হস্তান্তর করেছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনকে ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ