মেহেরপুর-২ আসনের কেন্দ্রে আতঙ্ক, ককটেল সদৃশ বস্তু উদ্ধার

অবশ্যই পরুন

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ভোটকেন্দ্রের কাছ থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (সকাল সাড়ে ৯টার দিকে) উপজেলার হিজলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কেন্দ্রে মেহেরপুর-২ (গাংনী) সংসদীয় আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোটকেন্দ্র থেকে প্রায় ১০০ গজ দূরে ঈদগাহ মাঠের গ্রিলের সঙ্গে ঝুলানো একটি লাল শপিং ব্যাগ দেখতে পান এলাকাবাসী। ব্যাগের ভেতরে তুলার মধ্যে কালো স্কচটেপে মোড়ানো একটি বস্তু দেখে সন্দেহ হলে তারা গাংনী থানায় খবর দেন।

স্থানীয় বাসিন্দা স্বপন আলী জানান, সকালে ঈদগাহ মাঠে গেলে গ্রিলের সঙ্গে ঝুলন্ত লাল ব্যাগটি নজরে আসে। পরে ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালতির পানিতে ডুবিয়ে বস্তুটি নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, কে বা কারা কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় এটি রাখা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ