বিএনপি প্রার্থীর নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ

অবশ্যই পরুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শিলুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

আহতদের একজন তারেক রহমান দাবি করেন, হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে দুইজনকে আঘাত করা হয়। এছাড়া দেশীয় অস্ত্রের আঘাতে আরও কয়েকজন আহত হন।

অন্যদিকে জামায়াতের নেতাকর্মীরা অভিযোগ করেন, জুড়ী বাজারে বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর বাসার সামনে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আব্দুল্লাহ নামে একজনসহ অন্তত তিনজন আহত হন।

বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু বলেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমানসহ কয়েকজন শিলুয়া এলাকায় গিয়ে টাকা বিতরণের চেষ্টা করলে তার সমর্থকরা বাধা দেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছেন বলে জানান।

অন্যদিকে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান অভিযোগ করেন, নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে এবং তিনি নিজেও আহত হয়েছেন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তেগীর বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ