ভোটকেন্দ্রে যেতে বাধা ও হুমকির অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

অবশ্যই পরুন

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম। মঙ্গলবার সন্ধ্যায় ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা জানান।

সংবাদ সম্মেলনে মোর্শেদ আলম অভিযোগ করেন, ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থকরা তাঁর নির্বাচনী প্রচারে শুরু থেকেই বাধা দিয়ে আসছেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা, মারধর ও হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। এমনকি তাঁর পক্ষে প্রচারে অংশ নেওয়া নারীদের ওপরও কয়েকটি হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গত দুই দিন ধরে বিভিন্ন এলাকায় তাঁর সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে। কোথাও কোথাও অর্থের প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টাও চলছে। এসব কারণে এখনো ভালুকা আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হরিণ প্রতীকের এই প্রার্থী। তাঁর অভিযোগ, মাঠে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি থাকলেও সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গ্রামে গ্রামে অস্ত্রধারীরা ঘুরে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে বলেও তিনি দাবি করেন।

তবে আশাবাদ ব্যক্ত করে মোর্শেদ আলম বলেন, ভালুকা উপজেলায় হরিণ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। এই গণজোয়ারের মধ্য দিয়ে প্রতিপক্ষের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা হোক।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ