কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনের মিরপুর উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। ভোটকেন্দ্রটি মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ক্যামেরা দুটি না দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ের বাইরের দিকে রাস্তার পাশে স্থাপিত সিসি ক্যামেরা দুটি খুলে নিয়ে যায়। সকালে ক্যামেরা না থাকায় বিষয়টি নজরে আসে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, রাতের কোনো এক সময় ক্যামেরা দুটি চুরি হয়েছে। সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করেছে। তিনি আরও জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে একই স্থানে নতুন সিসি ক্যামেরা বসানো হবে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিদ্যালয়টি রাস্তার পাশে হওয়ায় বাইরের দিকে লাগানো ক্যামেরা দুটি রাতের কোনো এক সময় চুরি হয়। এখন পর্যন্ত ক্যামেরাগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ভেড়ামারা ও মিরপুর উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-২ সংসদীয় আসন। মিরপুর উপজেলায় মোট ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন।
ন্যাশনিক্স/এএএইচপি
