বরগুনার পাথরঘাটায় হামলার শিকার হয়েছেন জামায়াতের এক স্থানীয় নেতা। হামলায় তার দুই পা গুরুতরভাবে জখম হয়েছে। এছাড়া মাথা ও বাঁ হাতেও আঘাত পান তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে উপজেলার কাঁঠালতলী দাখিল মাদ্রাসার কাছে বয়ার খুঁটি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
আহত মাহফুজুর রহমান কাঁঠালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির। তিনি একই সঙ্গে কাঁঠালতলী দাখিল মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান হিসেবে কর্মরত।
মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে মাহফুজুর রহমান কাঁঠালতলী দাখিল মাদ্রাসা থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। বয়ার খুঁটি ব্রিজে পৌঁছানোর পর তিনজন যুবক তাকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তার সঙ্গে মাদ্রাসার জুনিয়র মৌলভি রফিকুল ইসলাম ছিলেন।
কাঁঠালতলী দাখিল মাদ্রাসার সুপার শরীফ আবদুর রহমান জানান, ব্রিজের ওপর ওঠার সঙ্গে সঙ্গেই হামলাকারীরা লাঠি ও লোহার পাইপ দিয়ে আঘাত করে মাহফুজুর রহমানকে মোটরসাইকেল থেকে ফেলে দেন। এরপর তার দুই পায়ে একাধিকবার আঘাত করা হয়, এতে পা ভেঙে যায়।
পাশাপাশি কপালের ডান পাশে ও বাঁ হাতেও আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, মাহফুজুর রহমানের দুই পায়ে মারাত্মক জখম রয়েছে এবং মাথায়ও আঘাতের চিহ্ন দেখা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
