প্রেসক্লাবের টয়লেট থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

অবশ্যই পরুন

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের টয়লেট থেকে দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে প্রেসক্লাবের টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃত আলী মামুদের ছেলে আলী আব্দুল্লাহ তাসভীর জানান, তার বাবা দৈনিক দিনকাল পত্রিকার সিটি এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাসা রাজধানীর মধ্য বাড্ডা শাহবুদ্দিন মোড় এলাকায়। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বাসা থেকে বের হন আলী মামুদ। এরপর দুপুরে তিনি জাতীয় প্রেসক্লাবে যান। তবে রাত ১২টা পেরিয়ে গেলেও তিনি বাসায় ফেরেননি।

পরিবারের সদস্যরা রাত থেকেই তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করে খোঁজ নিতে থাকেন। অনেকেই জানান, সোমবার বিকেল ৫টা পর্যন্ত তাকে প্রেসক্লাবে দেখা গেছে।

তাসভীর আরও জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে প্রেসক্লাবের এক পিয়ন টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। নিচ দিয়ে উঁকি দিয়ে ভেতরে একজন পড়ে থাকতে দেখে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে দরজা ভেঙে আলী মামুদকে টয়লেটের ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

মৃতের স্ত্রী জেসমিন আরা জানান, প্রায় ১২ বছর আগে তার স্বামীর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তার ধারণা, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

আলী মামুদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভীমের ডাইং গ্রামে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ