আমার মতো মাস্তান বাংলাদেশে নাই, হিসাব ১২ তারিখের পর হবে: ফারুক

অবশ্যই পরুন

নোয়াখালী-২ আসনে জামায়াতপন্থী নেতাকর্মীরা বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমানের পক্ষে কাজ করছেন এমন অভিযোগ তুলেছেন বিএনপির ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আবুল খায়ের উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

জনসভায় ফারুক বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা এনসিপিকে ভোট না দিয়ে যদি স্বতন্ত্র প্রার্থীর কাপ-পিরিচ প্রতীকে ভোট দেয়, তার হিসাব নির্বাচনের পর নেওয়া হবে। তিনি দাবি করেন, তার মতো ‘মাস্তান’ বাংলাদেশে নেই।

বিএনপির বহিষ্কৃত নেতাদের উদ্দেশে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে না দাঁড়িয়ে তাদের উচিত ছিল ক্ষমা চেয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে আসা। তাহলে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে তার আপত্তি থাকত না। যারা মনে ধানের শীষ ধারণ করেও কাপ-পিরিচে ভোট দিচ্ছেন, তাদের আল্লাহ ক্ষমা করবেন না বলেও মন্তব্য করেন তিনি।

ফারুক আরও অভিযোগ করেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে এতে সেনবাগের কেউ জড়িত নয় বলে দাবি করে তিনি বলেন, কুমিল্লার লাঙ্গলকোর্ট ও ফেনীর দাগনভূঞা থেকে লোক এনে তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার পর তার ১০ হাজার নেতাকর্মী বাজারে জড়ো হয় বলে তিনি দাবি করেন। এ সময় তিনি বলেন, প্রয়োজনে তাকে হত্যা করে তার লাশের ওপর দিয়েই কাপ-পিরিচকে হামলা করা হোক।

বিএনপির এই প্রার্থী দাবি করেন, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ ২৮০ আসনে জয়ী হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে তারা ধানের শীষ বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট দিতে পারে না।

স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই আসনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য পদ থেকে বহিষ্কৃত ব্যবসায়ী কাজী মোহাম্মদ মফিজুর রহমান।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ