নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে জামায়াতে ইসলামী টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও মুখপাত্র মাহাদী আমিন এই অভিযোগ তুলে ধরেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের ৯০ নম্বর রোডে অবস্থিত বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহাদী আমিন বলেন, আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন না পেয়ে জামায়াত বিভিন্ন এলাকায় অর্থের বিনিময়ে ভোট সংগ্রহের অপচেষ্টা চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি নির্বাচন কমিশনের প্রতি এ বিষয়ে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
ন্যাশনিক্স/এপি
