রাজধানীর যাত্রাবাড়ীর কোনাবাড়িতে ঘাস কাটার সময় পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরণে মো. আজিম পাইক (২৭) নামের এক শ্রমিক আহত হয়েছেন। শনিবার (আজ) বিকেল সাড়ে ৪টার দিকে কোনাবাড়ির ‘মিনি কক্সবাজার’-সংলগ্ন একটি মাঠে এ ঘটনা ঘটে।
আহত আজিম পাইক ওই এলাকার জোসনা ডেইরি ফার্মে শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি বাগেরহাট সদর উপজেলার বিশাদগাতি গ্রামের আনোয়ার পাইকের ছেলে।
জানা যায়, কাজের সময় আজিম কাস্তে দিয়ে ঘাস কাটছিলেন। হঠাৎ মাটিতে পড়ে থাকা একটি ককটেল বিস্ফোরিত হলে তার বাম হাত ও বাম হাঁটুর ওপরে স্প্লিন্টার লেগে তিনি গুরুতরভাবে আহত হন। বিস্ফোরণের শব্দে তিনি অচেতন হয়ে পড়েন।
আজিমকে হাসপাতালে নিয়ে আসা ফার্মের মালিক শফিকুল ইসলাম ছাদেক জানান, দুর্ঘটনার পর প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
আহত আজিম বলেন, বাম হাতে ঘাস ধরে ডান হাতে কাস্তে দিয়ে কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর আর কিছু মনে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত শ্রমিকের বার্ন ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। চিকিৎসকদের বরাতে তিনি বলেন, তার অবস্থা গুরুতর নয়।
ন্যাশনিক্স/এএএইচপি
