ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শুরু হয়ে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত চলা এই প্রক্রিয়ায় নিবন্ধিত ৫ হাজার ৯৯০ জন বন্দির মধ্যে ৪ হাজার ৬৭ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তবে কারাবন্দি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীরা এই নির্বাচনে ভোট দেননি। বিষয়টি নিশ্চিত করে তারা জানিয়েছেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার বিষয়ে দেশের কিছু গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।
এ প্রসঙ্গে কারাবন্দি অবস্থায় চিঠির মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। চিঠিতে তিনি লেখেন, “এই সরকার অবৈধ এবং এই ভোটও অবৈধ। আমরা কেউ কোনো ভোট দেইনি। জেলখানায় না খেয়ে মরলেও ভোট দেব না। আপনারাও ভোট দিতে যাবেন না। বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন লড়াই করে বাঁচতে হবে।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাবেক এমপি ও মন্ত্রীদের ভোট দেওয়ার বিষয়ে যে সংবাদ প্রচার করা হচ্ছে, তা পরিকল্পিত অপপ্রচার।
এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কারাবন্দিদের মধ্যে অনেকেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেও রাজনৈতিক অবস্থান ও মতাদর্শগত কারণে আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রীরা এই প্রক্রিয়ায় অংশ নেননি।
ন্যাশনিক্স/এপি
