জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, একক জয়ের পথে বিএনপি: তারেক রহমান

অবশ্যই পরুন

জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি এককভাবেই সরকার গঠনের মতো আসন পাবে বলে তারা আত্মবিশ্বাসী। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে সংসদে কার্যকর বিরোধী দল থাকবে না। তার মতে, গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি। জামায়াত বিরোধী দলে থাকলে তারা দায়িত্বশীল ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে জামায়াতে ইসলামী। দলটি একসময় নিষিদ্ধ থাকলেও বর্তমানে আবার সক্রিয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত একসঙ্গে ক্ষমতায় থাকলেও এবার সেই জোট পুনর্গঠনের বিষয়ে বিএনপি আগ্রহী নয় বলে জানান তারেক রহমান।

বিএনপি সূত্রে জানা গেছে, দলটি ৩০০ আসনের মধ্যে ২৯২টিতে প্রার্থী দিয়েছে। দলটির নেতারা দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পাওয়ার আশা করছেন। যদিও তারেক রহমান নির্দিষ্ট আসন সংখ্যা উল্লেখ না করে বলেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তারা অর্জন করবেন।

সাম্প্রতিক জনমত জরিপগুলোতেও বিএনপির এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আশঙ্কা রয়েছে। এই জোটে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তরুণ নেতৃত্বাধীন কয়েকটি দল রয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ এমন অংশীদারের সঙ্গে সম্পর্ক গড়তে চায়, যারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। তিনি স্পষ্ট করেন, কোনো নির্দিষ্ট দেশের প্রতি ঝুঁকে না থেকে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার গঠনের সুযোগ পেলে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য হবে।

শেখ হাসিনার পরিবারের রাজনীতিতে ফেরার বিষয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন পেলে যে কেউ রাজনীতি করতে পারেন। এতে কারও বাধা থাকা উচিত নয়।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ