শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

অবশ্যই পরুন

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন আইন অনুযায়ী সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তফসিল ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা অতিক্রম করার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করার বিধান রয়েছে।

আইনে উল্লেখ রয়েছে, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিল বা স্থগিতের ঘোষণা দেবেন। এরপর নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। নুরুজ্জামান বাদল শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন এবং শেরপুর-৩ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছিলেন।

জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানানো হয়।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ