আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের পাঠানো ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে।
বুধবার প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম–সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের মধ্যে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন ভোটদান সম্পন্ন করেছেন।
এছাড়া ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন প্রবাসী ভোটার তাদের ভোট দেওয়া ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এ পর্যন্ত প্রবাসীদের পাঠানো ব্যালটের মধ্যে ৪১ হাজার ১৭৮টি ব্যালট গ্রহণ করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
এদিকে বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের (আইসিপিভি) কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী, সারাদেশে ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং ১ লাখ ৪ হাজার ১৬৫ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
