ঢাকা-১৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে গানম্যানসহ পার হতে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন। এ সংক্রান্ত একটি ভিডিও গণমাধ্যমের হাতে এসেছে।
ভিডিওতে দেখা যায়, ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের নিয়ম নেই এ কথা জানানো হলে খালিদুজ্জামান এ বিষয়ে আপত্তি তোলেন এবং সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে বিভিন্ন অভিযোগ তোলেন।
ঘটনার সময় ক্যান্টনমেন্টে প্রবেশপথে দায়িত্বে থাকা সেনাসদস্যরা প্রার্থীর পরিচয় জানতে চাইলে তার সঙ্গে থাকা একজন জানান, তিনি ঢাকা-১৭ আসনের এমপি প্রার্থী। পরে জানতে চাওয়া হয় তিনি কোন দলের প্রার্থী, জবাবে বলা হয় জামায়াতে ইসলামীর।
ভিডিওতে শোনা যায়, সেনাসদস্য নিরাপত্তার স্বার্থে ক্যান্টনমেন্টে অস্ত্র বহন নিষিদ্ধ থাকার কথা জানালে খালিদুজ্জামান বলেন, অন্য রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে নাকি এ ধরনের বাধা দেওয়া হয় না। তিনি অভিযোগ করেন, এতে সেনাবাহিনী ও সরকার বিতর্কিত হচ্ছে এবং প্রয়োজনে তিনি সেনাপ্রধানের সঙ্গে কথা বলবেন।
একপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। পরে ফোনে কথা বলতে গিয়ে খালিদুজ্জামান আবারও অভিযোগ করেন, তাকে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন তাকে যেতে দেওয়া হচ্ছে না সে প্রশ্ন তোলেন।
ভিডিওতে আরও দেখা যায়, খালিদুজ্জামান তার সঙ্গে থাকা লোকজনকে ঘটনাটি ভিডিও করতে বলেন। তবে সেনাসদস্য জানান, ক্যান্টনমেন্ট এলাকায় ভিডিও ধারণ করা নিষিদ্ধ।
দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা বারবার জানান, ক্যান্টনমেন্টের ভেতরে তিনি নিরাপদ এবং অস্ত্র ছাড়া পার হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তারা বলেন, ক্যান্টনমেন্ট পার হওয়ার পর গানম্যান আবার দায়িত্বে থাকবে। তবে এ বিষয়েও খালিদুজ্জামান আপত্তি জানান এবং নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
একপর্যায়ে সেনাসদস্যরা তাকে সহযোগিতা করার অনুরোধ জানালে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ভিডিওতে শেষ পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত হতে দেখা যায়।
ন্যাশনিক্স/এলকে
