বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে, মিথ্যার আশ্রয় নেয় এবং জনগণের ভোটাধিকার হরণ করেছে, তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদি হতে পারে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে খুলনার প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, শুধুমাত্র কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। বিএনপি সরকার গঠন করলে দেশের প্রথম দায়িত্ব হবে পুনর্গঠন। তিনি জোর দিয়ে বলেন, দল-মত বা শ্রেণি-পেশানির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়া সম্ভব।
তিনি বলেন, দেশের প্রায় ২০ কোটি জনসংখ্যার অন্তত ১০ কোটি নারী। এই বিশাল নারীসমাজকে পিছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করেছিলেন।
তারেক রহমান সম্প্রতি এক রাজনৈতিক দলের নারীবিদ্বেষী মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, দেশের কোটি নারী পোশাকশিল্পে কাজ করে অর্থনীতি সচল রেখেছেন। নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর নারীরা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সংসার চালাতে স্বামী-সহযোগী হয়ে কাজ করছেন, অথচ তাদের অপমান করা হচ্ছে।
তিনি বলেন, যারা ইসলাম কায়েমের কথা বলেন, তারা ভুলে যাচ্ছেন নবী করিম (সা.)-এর সহধর্মিণী হযরত বিবি খাদিজা (রা.) ছিলেন সফল ব্যবসায়ী। তাই নারীদের কর্মজীবনকে অপমান করার অধিকার কারোর নেই।
তারেক রহমান অভিযোগ করেন, নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল মিথ্যাচার করে তাদের আসল চরিত্র প্রকাশ করছে। তিনি উল্লেখ করেন, বিগত ১৫–১৬ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন এবং লাখো নেতাকর্মী গায়েবি মামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে দেশের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় দিয়েছে। আগামী ১২ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তাদের দীর্ঘ সময় ধরে বঞ্চিত ভোটাধিকার প্রয়োগ করবে।
বিএনপি সরকার গঠনের পরিকল্পনার অংশ হিসেবে তিনি ঘোষণা করেন, প্রতিটি পরিবারের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা হবে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের শিল্প ও কর্মসংস্থান পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন।
তরুণদের জন্য আইটি পার্ক ও আধুনিক সুযোগ-সুবিধা, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা এবং বিদ্যমান ঋণ মওকুফের পরিকল্পনা থাকছে। তারেক রহমান বলেন, নারী সমাজকে স্বাবলম্বী করা, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার উন্নয়ন ও চিকিৎসা ব্যবস্থার মান নিশ্চিত করাই একটি জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার মূল পথ।
