শিবির ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে, ডাকসু নেত্রী তন্বী

অবশ্যই পরুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী অভিযোগ করেছেন, ইসলামী ছাত্রশিবির ব্যক্তিগত জীবনাচরণে অনৈতিক ও নগ্ন হস্তক্ষেপ করছে। তিনি বলেন, ভিন্নমত প্রকাশ করলেই শিবির-সমর্থকরা পরিকল্পিতভাবে চরিত্রহনন ও সামাজিক মাধ্যমে হয়রানি শুরু করে।

সম্প্রতি বরগুনার এক জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে ক্যাম্পাসে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার পর থেকেই তিনি এই হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন তন্বী। তার ভাষ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুকে ঘিরে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ করাই ছিল তার অবস্থান, যার সঙ্গে কোনো দলীয় নির্বাচন বা রাজনৈতিক কৌশলের সম্পর্ক নেই।

এক ফেসবুক পোস্টে তন্বী বলেন, সংশ্লিষ্ট নেতা পরবর্তীতে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও শিবিরের একটি অংশ তার প্রতিবাদ মেনে নিতে পারেনি। এর জেরে সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, একসময় শিবির নির্যাতনের শিকার হলেও বর্তমান বাস্তবতায় সুযোগ পেয়ে তারা ভিন্নমত দমন ও ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তন্বী জানান, এ ধরনের গালাগাল ও আক্রমণ তাকে দমাতে পারবে না এবং তিনি তার অবস্থানে অটল থাকবেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও প্রতিষ্ঠান ও ডাকসুকে নিয়ে আপত্তিকর বক্তব্যের নিন্দা জানিয়েছে। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ