সদ্য স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
শুনানি শেষে আইনজীবী জানান, বাগেরহাটে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাদ্দামকে জামিন দেওয়া হয়েছে। মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্য মামলাগুলোতে তিনি আগে থেকেই জামিনে থাকায় তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।
এর আগে গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মাত্র কয়েক মিনিটের জন্য মৃত স্ত্রী ও শিশুসন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান সাদ্দাম। প্যারোলে মুক্তি না পাওয়ায় মরদেহ অ্যাম্বুলেন্সে করে কারাগারের গেটে নেওয়া হয়।
কারা কর্তৃপক্ষের তথ্যমতে, মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি সন্ধ্যা সাতটার দিকে কারাগারে পৌঁছায়। পরে মানবিক বিবেচনায় পরিবারের ছয়জন সদস্যকে স্বল্প সময়ের জন্য জেলগেটের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। তিনি দীর্ঘদিন ধরে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
এর আগে বাগেরহাট সদর উপজেলার বেখেডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও নয় মাস বয়সী শিশুপুত্র নাজিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়।
ন্যাশনিক্স/এলকে
