বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের গেট থেকে পুনরায় মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় একাধিক মিথ্যা মামলায় দীর্ঘ সাত মাস কারাভোগের পর আদালত থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, জসিম উদ্দিন একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। ২০২৪ সালের জুলাই মাসে অভ্যুত্থান চলাকালে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি অভিযুক্ত।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট মামলাগুলোতে জামিন পেলেও অন্যান্য চলমান মামলার আইনি প্রক্রিয়ার কারণে তাকে কারাগার গেট থেকেই পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ জুন রাতে বরিশাল নগরীর সাগরদী খালপাড় এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ জসিম উদ্দিনকে মিথ্যা মামলায় অবৈধভাবে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। দীর্ঘ সময় পর জামিনে মুক্তি পেলেও আবারও তাকে আটক করা হলো।
ন্যাশনিক্স/এলকে
