বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং পার্বত্য চট্টগ্রামে সম্ভাব্য অস্থিরতার আশঙ্কায় ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। দেশটির ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) জানিয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মতো পার্বত্য জেলাগুলোতে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।
ভ্রমণ সতর্কতায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ায় দেশজুড়ে রাজনৈতিক সভা-সমাবেশ বাড়বে, যা বড় ধরনের জনসমাগম, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে। এ অবস্থায় ব্রিটিশ নাগরিকদের চলাফেরায় সতর্ক থাকতে এবং বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এফসিডিও আরও উল্লেখ করেছে, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। এসব অঞ্চলে জরুরি পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকারের পক্ষে সহায়তা দেওয়া কঠিন হতে পারে। সতর্কতা অমান্য করে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে ভ্রমণ বীমা বাতিল হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে।
সতর্কবার্তায় নারী, প্রতিবন্ধী ও একা ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিয়মিত ই-মেইল অ্যালার্টের মাধ্যমে পরিস্থিতির হালনাগাদ তথ্য অনুসরণ করতে এবং জরুরি প্রয়োজনে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এফসিডিও সন্ত্রাসী হামলা ও সহিংসতার আশঙ্কার কথাও উল্লেখ করেছে। সংস্থাটি জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা বাড়তে পারে। বিশেষ করে রেস্তোরাঁ, গণপরিবহন, ভিড়পূর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয় ও রাজনৈতিক সমাবেশে হামলার ঝুঁকি বেশি। এ কারণে বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সতর্কতায় আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক অভ্যুত্থানের পর বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি, যা ভবিষ্যতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।
ন্যাশনিক্স/এলকে
