ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত হওয়ায় লাইভে এসে প্রতিবাদ জানানো সাবেক ব্যাংক কর্মকর্তা আজিজকে কুপিয়ে হত্যা

অবশ্যই পরুন

কুমিল্লার লালমাই রেলস্টেশন এলাকা থেকে চট্টগ্রামের পটিয়া উপজেলার এক যুবকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে রেল পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল প্রায় ৮টার দিকে রেললাইনের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম আবদুল আজিজ (৩৪)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়ার বাসিন্দা এবং মৃত আবদুল আলমের ছেলে। আজিজ আগে ইসলামী ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চাকরি হারানোর পর তিনি ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করছিলেন। তিনি বিবাহিত এবং তার আড়াই বছর বয়সী একটি সন্তান রয়েছে।

রেল পুলিশ জানিয়েছে, রেললাইনের ওপর গলাকাটা ও হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় লাশটি পাওয়া যায়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচাতো ভাই সফিউল আলম বলেন, আজিজ ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন এবং জানান যে তিনি কুমিল্লা এলাকায় রয়েছেন। এরপর তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে রেললাইন থেকে উদ্ধার হওয়া এক লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ভিডিওকলে মরদেহ দেখে তারা নিশ্চিত হন যে সেটি আবদুল আজিজের।

পরিবারের দাবি, এটি দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। সফিউল আলমের অভিযোগ, আজিজকে ট্রেন থেকে নামিয়ে অন্য একটি ট্রেনে তুলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হতে পারে। তিনি আরও জানান, ব্যাংক চাকরিচ্যুত কর্মীদের চাকরি পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনে আজিজ সমন্বয়কের ভূমিকা পালন করছিলেন, যা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে পরিবারের সন্দেহ।

এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, স্টেশন মাস্টারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এটি ট্রেন দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ