বিনা অপরাধে ছাত্রলীগ নেতা কারাবন্দি, অভাবের তাড়নায় স্ত্রী ও সন্তানের আত্মহত্যা

অবশ্যই পরুন

বাগেরহাটে ৯ মাস বয়সী শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর এক নারী নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন এমন অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় এবং ঘরের মেঝে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়।

নিহত নারী কানিজ সুর্বনা স্বর্ণালী (২২)। তিনি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতির স্ত্রী ছিলেন এবং জাতীয় পার্টির এক নেতার কন্যা। নিহত শিশু নাজিম হোসেন ওই দম্পতির একমাত্র সন্তান। পারিবারিক সূত্র জানায়, প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। স্বর্ণালীর স্বামী বর্তমানে একাধিক মিথ্যা মামলায় কারাবন্দি রয়েছেন।

নিহতের ভাই শুভ জানান, দীর্ঘদিন ধরে স্বামী বিনা অপরাধে কারাগারে থাকায় স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। হতাশা থেকেই তিনি প্রথমে শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে আত্মহত্যার পথ বেছে নেন বলে পরিবারের ধারণা। তিনি আরও বলেন, স্বামীকে মুক্ত করার চেষ্টা ও অনিশ্চয়তা স্বর্ণালীর মানসিক অবস্থাকে আরও দুর্বল করে তোলে।

নিহত স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার বলেন, পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে না। ময়নাতদন্তের পর প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, তারা সেটিই মেনে নেবেন বলে জানান তিনি।

এ বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে পরিবার ও স্থানীয়দের বক্তব্য সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ