চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী সদরের পাহাড়ি অঞ্চলে পল্লী বিদ্যুৎ বিভাগের (পিডিবি) বৈদ্যুতিক লোহার খুঁটি কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকা থেকে দুর্বৃত্তরা এসব খুঁটি কেটে ট্রলিযোগে সরিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে বৈদ্যুতিক লোহার খুঁটিগুলো কাটা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ৯টার দিকে লোহা কাটার মেশিন দিয়ে দীর্ঘ সময় ধরে খুঁটি কাটার শব্দ শোনা যায়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দিনের বেলায় অফিসের ঝামেলা থাকায় তারা রাতে কাজ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুঁটি বহনে ব্যবহৃত ট্রলির চালক ও তার সহযোগীরা নিজেদের পিডিবির নির্দেশে কাজ করছেন বলে দাবি করেন। তারা বলেন, পিডিবির একজন কর্মকর্তা বেলালের নির্দেশে খুঁটিগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তবে এর বাইরে তারা বিস্তারিত কিছু জানেন না বলেও জানান।
এ বিষয়ে পিডিবির কর্মকর্তা পরিচয় দেওয়া মোহাম্মদ বেলালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কন্ট্রাক্টরের নির্দেশে কাজ হচ্ছে বলে জানান। তবে রাতের আঁধারে বৈদ্যুতিক খুঁটি কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে নারাজ হন।
অন্যদিকে দোহাজারী পিডিবির কন্ট্রাক্টর আব্দুল মান্নান জানান, ঘটনার খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে খুঁটি কেটে নেওয়ার বিষয়টি দেখতে পান। তার দাবি, তার নাম ব্যবহার করে একটি পক্ষ অবৈধভাবে এই কাজ করছে। তবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরাসরি আইনি পদক্ষেপ নিলে তার কাজের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবুও ভিডিওসহ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
দোহাজারী পিডিবির আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান জানান, রাতের বেলায় বৈদ্যুতিক লোহার খুঁটি কাটার বিষয়ে তিনি অবগত নন। তার ভাষ্য অনুযায়ী, প্রকল্প সংশ্লিষ্ট কাজ যারা বাস্তবায়ন করছে, তাদের কাছ থেকেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ন্যাশনিক্স/এলকে
