পুলিশ কনস্টেবলকে কুপিয়ে পালাল স্বেচ্ছাসেবক দলের নেতার ছেলে

অবশ্যই পরুন

ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে লিয়ন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে হালুয়াঘাট পৌর এলাকার পাগলপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় হালুয়াঘাট পৌর এলাকায় ডিউটিরত রোমিও-১১ টিম নিয়মিত মোটরসাইকেল চেকিং কার্যক্রম চালাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করতে গেলে লিয়ন হঠাৎ পেছন দিক থেকে কর্তব্যরত কনস্টেবল ইজাউল হক ভূঁইয়া ওরফে এজাজকে লক্ষ্য করে ধারালো দা দিয়ে কোপ দেন। এতে কনস্টেবল ইজাউল হক গুরুতর আহত হন।

আহত পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযুক্ত লিয়ন হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে। ঘটনার পরপরই লিয়ন পালিয়ে যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা মো. রুহুল আমিনকে থানায় ডেকে নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, মাদক ও বেকারত্বের কারণে এলাকায় যুব সমাজের মধ্যে অবক্ষয় বাড়ছে। তিনি বলেন, ছেলের অপরাধের দায় বাবার ওপর চাপানো ঠিক নয়। তবে অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তিনি পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ