কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ জামায়াতপন্থী আইনজীবী গ্রেপ্তার

অবশ্যই পরুন

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এজিপি) অ্যাডভোকেট কে আই এম মাসুদুল হক ওরফে মাসুমকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, এর আগে বৃহস্পতিবার রাতে একই এলাকার ধর্মপুর থেকে আরিফুল ইসলাম (৩৬) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে পরে এজিপি মাসুদুল হকের বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

আটক মাসুদুল হক জামায়াতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। তিনি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হকের ছোট ভাই। অপরদিকে আটক আরিফুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মহানগর জামায়াতে ইসলামীর কোনো দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, আটক আইনজীবী ও যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, পুলিশের মাধ্যমে বিষয়টি জেনেছেন তিনি। থানার মামলার নথিপত্র হাতে পেলে আইন মন্ত্রণালয়ে লিখিতভাবে অবহিত করা হবে। এরপর মন্ত্রণালয় এজিপি হিসেবে তার দায়িত্বের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ