রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জানান, আনিস আলমগীর একজন পেশাদার সাংবাদিক, লেখক ও শিক্ষক। তিনি মামলার অভিযোগের সঙ্গে কোনোভাবেই জড়িত নন এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অপরাধের প্রমাণ নেই। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হয়রানি করা হচ্ছে বলেও আদালতে দাবি করা হয়। তবে রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার পর আদালত তার জামিন আবেদন গ্রহণ করেননি।
এর আগে গত ১৪ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাংবাদিক আনিস আলমগীর ছাড়াও আরও একজনকে আসামি করা হয়। পরে ১৫ ডিসেম্বর আদালত আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয় এবং এরপর থেকে তিনি কারাবন্দি রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর নিষিদ্ধ সংগঠনকে পুনর্বাসনের লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে প্রচারণা চালানো হয়েছে। এসব কর্মকাণ্ড রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আদালতের সর্বশেষ আদেশের ফলে সাংবাদিক আনিস আলমগীর আপাতত কারাগারেই থাকছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
ন্যাশনিক্স/এলকে
