ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ঢাকায় একটি ফ্ল্যাট কেনা ও জীবনযাপনের ব্যয় নির্বাহে মোট দুই কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ওসমান হাদির পরিবারের জন্য দুটি পৃথক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য এক কোটি টাকা দেওয়া হবে। এ ছাড়া প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আলাদাভাবে আরও এক কোটি টাকা দেওয়া হচ্ছে, যা পরিবারের জীবন নির্বাহে ব্যয় হবে।
অর্থ উপদেষ্টা বলেন, ফ্ল্যাট কেনার জন্য বরাদ্দকৃত পুরো অর্থ খরচ নাও হতে পারে। তবে এই বরাদ্দের অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ‘দোয়েল টাওয়ার’ আবাসিক ভবনে প্রায় ১ হাজার ২১৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট কেনার জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ফ্ল্যাটটি ব্যবহার করবেন ওসমান হাদির স্ত্রী ও সন্তান।
জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে এই অনুদান অনুমোদন করে।
এর আগে, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরীফ ওসমান বিন হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, রাষ্ট্র তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া চলতি মাসের ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার হাদির ভাই ওমর বিন হাদিকে তিন বছরের চুক্তিতে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দেয়।
ন্যাশনিক্স/এলকে
