কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী–এর দায়ের করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ফলে ঋণখেলাপি সংক্রান্ত কারণে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল থাকলো এবং তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
বুধবার শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন।
এর আগে নির্বাচন কমিশনে আপিল করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, মঞ্জুরুল আহসান মুন্সী তার হলফনামায় ঋণখেলাপ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। অভিযোগটি আমলে নিয়ে গত ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।
পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে বৈধ বলে রায় দেন।
আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের ফলে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকলো না
ন্যাশনিক্স/এলকে
