শোকজ হলে আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হওয়া উচিত: এনসিপি

অবশ্যই পরুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে সবার আগে তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া উচিত বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই দাবি জানান।

সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

আসিফ মাহমুদ বলেন, বিএনপির চেয়ারম্যান দেশে আসার পর পুরো রাজধানীজুড়ে তার ছবি ও পোস্টারে ভরে গেছে, এমনকি তার নির্বাচনী এলাকা গুলশানেও ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। অথচ গণভোটের পক্ষে প্রচারে ছবি ব্যবহারের অভিযোগে এনসিপির নেতাদের শোকজ করা হয়েছে, যা বৈষম্যমূলক।

তিনি বলেন, “যদি ছবি ও পোস্টার ব্যবহার আচরণবিধি লঙ্ঘন হয়, তাহলে সেই একই নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। সে ক্ষেত্রে প্রথমেই তারেক রহমানকে শোকজ করা দরকার ছিল।”

এনসিপির মুখপাত্র আরও বলেন, রোববার দলটির দুই শীর্ষ নেতাকে যে শোকজ করা হয়েছে, তা মূলত গণভোটের প্রচারণাকে কেন্দ্র করে। এটি নির্বাচনী প্রচার ছিল না বলেও তিনি দাবি করেন। অথচ অন্যান্য দল প্রতীক, ব্যানার ও পোস্টার ব্যবহার করে প্রকাশ্য প্রচারণা চালালেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও মাঠপর্যায়ের কর্মকর্তারা উদ্দেশ্যমূলকভাবে নির্দিষ্ট দলকে লক্ষ্য করে ব্যবস্থা নিচ্ছেন, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করছে।

সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা অবিলম্বে শোকজ নোটিশ প্রত্যাহার এবং এ বিষয়ে জনগণের কাছে ব্যাখ্যা দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, তফসিল ঘোষণার আগেই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ