মন্ত্রিত্বের লোভ দেখিয়ে আসন ছাড়তে বলা হচ্ছে: রুমিন ফারহানা

অবশ্যই পরুন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, দল থেকে তাকে বারবার ফোন করে মন্ত্রিত্বের প্রলোভন দেখিয়ে নির্বাচনী আসন ছেড়ে দিতে বলা হচ্ছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।

রুমিন ফারহানা বলেন, গত ১৭ বছর ধরে তিনি রাজপথে আন্দোলন করেছেন, পুলিশের বাধা উপেক্ষা করে লড়াই করেছেন এবং সংসদে দাঁড়িয়ে সংসদকে অবৈধ বলতেও দ্বিধা করেননি এগুলো দেশবাসী জানে। তিনি বলেন, যে দলের হাত ধরে রাজনীতিতে এসেছেন, সেই দলই আজ তাকে বহিষ্কার করেছে, যা তার জন্য অত্যন্ত বেদনাদায়ক।

তিনি আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই তিনি রাজনীতিতে আসেন এবং তার স্নেহ ও সহযোগিতাতেই এতদূর এগিয়েছেন। খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার আগে তার মনোনয়ন না পাওয়ার বিষয়েও খোঁজ নিয়েছিলেন বলে জানান রুমিন। অথচ খালেদা জিয়ার মৃত্যুর পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

দলের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়ে রুমিন ফারহানা বলেন, সকাল-বিকেল দল থেকে ফোন আসে—আসন ছেড়ে দিলে মন্ত্রিত্বসহ নানা সুবিধার প্রলোভন দেখানো হয়। তবে নিজের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তিনি এসব প্রস্তাবে সাড়া দেবেন না এবং এলাকার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না বলে স্পষ্ট করে জানান।

মতবিনিময় সভায় স্থানীয়রা তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেন এবং একটি হাঁস উপহার দেন। এ সময় রুমিন ফারহানা আসন্ন নির্বাচনে হাঁস প্রতীক চাইবেন বলেও ঘোষণা দেন।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে জোটপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে। ওই আসনে বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ