ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৬ তলায় হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে বিকেল ৪টা ৫০ মিনিটে সদর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুটি ইউনিট এবং ত্রিশাল ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের খবরে হাসপাতালের ভেতরে রোগী ও স্বজনদের মধ্যে কিছু সময়ের জন্য হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হলেও দ্রুত তা স্বাভাবিক হয়ে আসে। এ সময় হাসপাতালের বাইরে বিপুল সংখ্যক উৎসুক মানুষ ভিড় করেন।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, নতুন ভবনের ৬ তলায় একটি ছোট স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে ওই তলায় থাকা রোগীদের নিরাপদে সরিয়ে মেডিসিন ওয়ার্ডে নেওয়া হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে হাসপাতালের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কিছু ম্যাট্রেস ও বেডশিট পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ন্যাশনিক্স/এপি
