এনসিপির সাবেক নেতাদের নিয়ে বিকল্প রাজনীতির মঞ্চ ‘জনযাত্রা

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাধিক নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ছাত্রনেতাদের উদ্যোগে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ‘জনযাত্রা’ নামে এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী ১৬ জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত নতুন এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। পাশাপাশি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসুও এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন বলে জানা গেছে।

উদ্যোক্তাদের মতে, ‘জনযাত্রা’র মূল লক্ষ্য হলো দেশে বিকল্প ও ভিন্নধারার রাজনৈতিক চর্চার সূচনা করা। তারা দাবি করছেন, বিদ্যমান রাজনৈতিক কাঠামোর বাইরে গিয়ে নিপীড়িত ও প্রান্তিক মানুষের পক্ষে কথা বলার জন্যই এই প্ল্যাটফর্ম গড়া হচ্ছে।

এই উদ্যোগের পেছনে প্রগতিশীল শিক্ষক, বুদ্ধিজীবী ও বিভিন্ন সামাজিক আন্দোলনের অভিজ্ঞ ব্যক্তিরা পরামর্শক হিসেবে যুক্ত থাকবেন। তবে নেতৃত্বের মূল দায়িত্বে থাকবেন তরুণরা। উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, শুরুতে এটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করবে।

এ বিষয়ে ছাত্রনেতা মেঘমল্লার বসু জানান, দীর্ঘদিন ধরেই একটি গণমুখী প্ল্যাটফর্ম তৈরির প্রস্তুতি চলছিল। তিনি নিশ্চিত করেন, ১৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ‘জনযাত্রা’র আত্মপ্রকাশ হবে।

উদ্যোক্তারা জানান, গণতান্ত্রিক সমাজতন্ত্রের আদর্শকে ভিত্তি করে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা রয়েছে। নির্বাচনের আগে অন্তত ছয় মাস থেকে এক বছর প্ল্যাটফর্ম হিসেবে সক্রিয় থেকে নীতি সংলাপ, নাগরিক সংগঠন গড়া এবং বিভিন্ন সামাজিক আন্দোলনে ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি রাজনৈতিক দলে রূপ নিতে পারে।

জানা গেছে, বর্তমানে প্ল্যাটফর্মটির ঘোষণাপত্র ও গঠনতন্ত্র প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে সাংগঠনিক প্রস্তুতিও প্রায় সম্পন্ন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপির একটি রাজনৈতিক জোট সিদ্ধান্তের পর দলটির অন্তত ১৬ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেন। তাদের কয়েকজন নতুন এই রাজনৈতিক উদ্যোগে যুক্ত হবেন বলে আলোচনা রয়েছে। তবে এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন জানিয়েছেন, তিনি এখনো কোনো নতুন প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

এই উদ্যোগে সম্পৃক্ত এক ছাত্রনেতা জানান, প্রাথমিক পর্যায়ে অনেকে প্রকাশ্যে না এসে সংগঠনের কাজে যুক্ত থাকবেন। দেশে ও বিদেশে অবস্থানরত সাবেক ছাত্রনেতা, শিক্ষক ও রাজনৈতিক কর্মীরাও এই উদ্যোগে সহযোগিতা করছেন বলে জানা গেছে।

উদ্যোক্তাদের মতে, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই নতুন রাজনৈতিক বিকল্পের প্রয়োজনীয়তা সামনে আসে। ধারাবাহিক আলোচনা ও বৈঠকের মাধ্যমে শেষ পর্যন্ত ‘জনযাত্রা’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ