তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা পরিচালককে শোকজ বিসিবির

অবশ্যই পরুন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্দেশে মন্তব্য করে বিতর্কের জন্ম দেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি ভবিষ্যতের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এবং উল্লেখ করেন যে বিসিবির আয়ের বড় অংশই আসে আইসিসি থেকে।

তামিমের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তাকে ‘ভারতের দালাল’ বলে মন্তব্য করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্রিকেটাঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়। সাধারণ দর্শক থেকে শুরু করে বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও এই মন্তব্যের প্রতিবাদ জানান।

সমালোচনার মুখে শনিবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, এম নাজমুল ইসলামকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুরে বিসিবির আঞ্চলিক ক্রিকেট সেন্টারে ‘জিএনসি স্কুল ক্রিকেট’ টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি স্বীকার করেন।

প্রথমে বুলবুল মন্তব্যটিকে নাজমুলের ব্যক্তিগত বিষয় হিসেবে উল্লেখ করলেও তিনি বলেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য করার আগে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তিনি বলেন, তামিমের অবদান ও পারফরম্যান্স বিবেচনায় নিয়ে সম্মান দেখানো প্রয়োজন ছিল।

এক সাংবাদিক ‘রিজয়েন্ডার’ বা ব্যাখ্যার ধরন সম্পর্কে জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, বিষয়টি নাজমুলের ব্যক্তিগত ব্যাপার এবং এ নিয়ে তিনি বিস্তারিত বলতে চান না। তবে এটি কারণ দর্শানোর নোটিশ কি না এমন প্রশ্নে তিনি স্পষ্টভাবে সম্মতি জানান।

বুলবুল আরও জানান, আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিসিবির বোর্ড সভায় এই ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মিরপুরের সিটি ক্লাব গ্রাউন্ডে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, বিসিবির মোট আয়ের প্রায় ৯০-৯৫ শতাংশ আসে আইসিসি থেকে। আবেগের বশে সব সিদ্ধান্ত নিলে একটি বড় প্রতিষ্ঠান পরিচালনা করা কঠিন এমন মন্তব্যও করেন তিনি।

তামিমের ওই বক্তব্যের একটি অংশ নিয়ে ‘ক্রিকেটাঙ্গন’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত পোস্ট শেয়ার করে এম নাজমুল ইসলাম লেখেন, “এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু’চোখ ভরে দেখলো।” এই মন্তব্যই শেষ পর্যন্ত বিসিবির ভেতরে ও বাইরে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ